
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
"স্মৃতিময় মুহূর্ত, উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউট কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার।
বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনে সফলতা অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।