
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর তারেক রহমানের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
বুধবার দুপুরে উপজেলার মহিপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় নিয়ে তিনি বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল চত্বরকে সবুজ, ছায়াঘন ও স্বাস্থ্যকর পরিবেশে গড়ে তোলার লক্ষ্যেই এ সামাজিক বনায়ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ডাঃ তরুণ কুমার পালের সঙ্গে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। রোগীর স্বজন ও স্থানীয়রাও উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান।
ডাঃ তরুণ কুমার পাল বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমরা হাসপাতাল থেকেই কাজ শুরু করেছি। একটি সুন্দর, দূষণমুক্ত ও সবুজ পরিবেশ রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসুক।”
স্থানীয়রা বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে।
কর্মসূচির আওতায় হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির আরও গাছের চারা রোপণ করা হয়। এসব চারার পরিচর্যার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ পালন করবে বলে জানান ডাঃ তরুণ কুমার পাল।