ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা খাতুন। এ সময় বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলজ গাছের চারা রোপণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আক্তার, শামীম কাদীর, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়টি এলাকার নারীদের জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গাছের প্রতি ভালোবাসা তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা খাতুন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সৃষ্টির লক্ষ্যেই আমরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করছি। শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই গাছের যত্ন নিতে শিখলে ভবিষ্যতে তারাই দেশকে সবুজ রাখবে।”
বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।