
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যালয় কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন কুমার কুন্ডু ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে মহিলা অভিভাবক সদস্য পদে জেসমিন বেগম (মোরগ প্রতীক) ২৬০ ভোট এবং মোছাঃ সুলতানা (মই প্রতীক) ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। পুরুষ অভিভাবক সদস্য পদে রুবেল মাহমুদ (বই প্রতীক) ২৭৪ ভোট এবং আল আমিন (গোলাপ ফুল প্রতীক) ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে মোট ৬৬০ জন ভোটারের মধ্যে ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল এবং ধলটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম. জহুরুল হক চৌধুরী। এছাড়া নির্বাচনের সার্বিক সহযোগিতা করেন পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান মিঠু।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।