
ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর আদিবাসী পল্লীতে দিনব্যাপী মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে সুলতানপুর নিউ স্পোর্ট ক্লাবের উদ্যোগে সুলতানপুর বটগাছতলা মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন সরকার রাশেদুল।
আদিবাসী সম্প্রদায়ের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পৌর যুবদল নেতা ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা মিজানুর রহমান ও রুহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এস এম নাহিদ হাসান, পাঁচবিবি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল মমিন, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ এবং সুলতানপুর নিউ স্পোর্ট ক্লাবের সভাপতি রুনি পাহানসহ আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষ।
প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টে বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের আটটি ফুটবল দল অংশগ্রহণ করে। খেলা ঘিরে সুলতানপুর আদিবাসী পল্লীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।