
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুফিয়া নার্গিস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম হলো সমবায়। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা জামায়াতের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি প্রভাষক সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।