ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্ব ও মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) পাঁচবিবি পৌর এলাকার বন্ধন এনজিওর কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে বন্ধন মানবাধিকার ও উন্নয়ন সংস্থা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। তিনি বলেন, একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য।
সাংবাদিকদের সমাজের আয়না হিসেবে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার পাশাপাশি এর সমাধানের পথও দেখাতে হবে।
বন্ধন মানবাধিকার ও উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব বলেন, মানবাধিকার সুরক্ষায় সংবাদ প্রচারের গুরুত্ব অপরিসীম। একটি সংবাদই পারে একটি অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখতে হবে।
কর্মশালায় মানবাধিকার সুরক্ষা, সংবাদ সংগ্রহ ও প্রচারের কৌশল, সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয় তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধনের সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী, মানবাধিকার সংস্থার মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহফুজ, জেলা মনিটরিং কর্মকর্তা ড. সাজ্জাদুল বারী, বন্ধনের ফ্যাসিলিটেটর বিপ্লব আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরা।
এ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবাধিকার ভিত্তিক সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।