
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
“শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম জোবায়ের আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক ইন্সট্রাক্টর আহসান হাবীব, জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল, উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নওশাদ মন্ডল, দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার, কড়িয়া আমিনীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান, পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মিঠু এবং উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন মন্ডল।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা বৃদ্ধি এবং তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন