
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, অধিক সময় মোবাইল ফোনে ব্যয় না করে পড়ালেখায় মনোযোগী হতে হবে। মরণফাঁদ মাদকের দিকে ধাবিত না হয়ে বিদ্যালয়ের ছুটির পর বিকেলে খেলার মাঠে খেলাধুলায় সময় দিতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক বিদ্যালয়ে উপস্থিত হলে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এ সময় জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন এবং সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য এবং শিক্ষামূলক পরামর্শে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত হন।