ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২৫টি পরিবারের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং বন্ধন এনজিওর বাস্তবায়নে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার মাতাইশ মহল্লায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বন্ধন এনজিওর নির্বাহী পরিচালক হাফিজ সরদার, প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, পৌর মহিলা দলের সম্পাদিকা গোলশান আরা গ্যালিনসহ উপকারভোগীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা বলেন, এ ধরনের আয়বর্ধক কর্মসূচি গ্রামের দরিদ্র পরিবারগুলোর আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বন্ধন এনজিওর মতো বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখলে দারিদ্র্য বিমোচনের গতি আরও ত্বরান্বিত হবে।