
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আটাপাড়া রেলগেটের প্রায় ৫০-৬০ গজ উত্তরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের ধারণা, শনিবার রাতে অথবা রোববার ভোরের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটতে পারে। রোববার সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
স্থানীয়রা জানান, রাতে কোনো এক সময় চলন্ত ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। তবে তাকে কেউ শত্রুতার জেরে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দিয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন বলে তারা মনে করছেন।
এদিকে সকালে মরদেহটি দেখতে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। তবে উপস্থিত কেউই নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেননি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, রেললাইনের পাশে উদ্ধার হওয়া মরদেহের বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে জানানো হয়েছে।