
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তমেজুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ শুক্রবার রাতে হত্যার পর শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখক্ষেত থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।
নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হাটুর চৌরাস্তার মোড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে বীরনগর এলাকায় দুর্বৃত্তরা তমেজুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখক্ষেত থেকে তমেজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”