ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২ দিনব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে (৬ নভেম্বর) মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৭ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. মোমেনা বেগম, জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশ ও জাতির সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক প্রশান্তি ও সুন্দর মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।