
২৮ অক্টোবর 'পল্টন ট্রাজেডি দিবস' উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে এনায়েতপুর থানা সদর থেকে জামায়াতে ইসলামীর ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভায় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও সহকারী সেক্রেটারি শেখ মো: আইয়ুব আলী।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্যে দিবালোকে লগি-বৈঠা দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা মানুষ পিটিয়ে হত্যা করে বিশ্ব রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করা হয়েছিল। সেদিন যারা এই পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।