মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পার করে নিয়ে আসার সময় ১২টি ভারতীয় গরুসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ জানতে পারে যে, দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর এলাকা দিয়ে একদল চোরাকারবারি অবৈধ উপায়ে ভারতীয় গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সংবাদ পাওয়ার পরপরই দুর্গাপুর থানার ওসির নির্দেশনায় পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ২:৪৫ ঘটিকায় ভরতপুর এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় বলদ গরুসহ হাতেনাতে দুই পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাচালান দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।