
তাসলিমা রত্না ময়মনসিংহ
নির্ধারিত সময়ে সম্পন্ন হচ্ছে না টিসিবির ফ্যামিলি কার্ডের সংশোধন। এর ফলে ৪৩ লাখ কার্ডধারী পরিবার কবে নাগাদ স্বল্প মূল্যে টিসিবির পণ্য পাবেন তা এখন অনেকটাই অনিশ্চিত।অথচ বর্তমান বাজার পরিস্থিতিতে এই টিসিবির পণ্যই হতে পারে গরিব পরিবারের জন্য বড় সহায়তা—এমনটাই মনে করেন কার্ডধারী সংশ্লিষ্টরা।অপরদিকে সরকার সংশ্লিষ্টরা বলছেন,আশাহত হওয়ার কোনও কারণ নেই।ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হওয়া রমজানের আগেই দেশের এক কোটি পরিবার টিসিবির পণ্য হাতে পাবেন।
জানা গেছে, ‘এক পরিবার এক কার্ড’—এই নিয়মেই হওয়ার কথা ছিল (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) টিসিবির ফ্যামিলি কার্ড। অথচ দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার এই কার্ডকে ব্যবহার করেছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে।
আওয়ামী লীগ নেতারা কখনও দলীয় কর্মীদের পরিবারকে আবার কখনও সুবিধা নেওয়ার মধ্য দিয়ে এক পরিবারকে একাধিক কার্ড দিয়েছে।যে পরিবারে বাবার নামে কার্ড আছে, সেই পরিবারে মায়ের নামেও কার্ড আছে।আবার একই পরিবারের ছেলের নামেও আছে টিসিবির ফ্যামিলি কার্ড।
সংশ্লিষ্টরা জানিয়েছেন,এতদিন এভাবেই চলছিল।অথচ এটি হওয়ার কথা নয়। এ কারণেই বর্তমান অন্তর্বর্তী সরকার টিসিবির ফ্যামিলি কার্ড পুনরায় যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে। যার পরিমাণ ৪৩ লাখেরও বেশি। যাচাই-বাছাই শেষ করে ১৫ নভেম্বরের মধ্যে একটি ফ্রেশ তালিকা তৈরি করে তা বাণিজ্য মন্ত্রণালয়,
বিশেষ করে টিসিবিতে পাঠানোর জন্য দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।কিন্তু স্থানীয় সরকার কাঠামো সচল না থাকায় কাজটি জটিল হওয়ায় তা সম্ভব নয়। আরও বেশি সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।