রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে নদীতে ডুবে নিখোঁজের এক সপ্তাহ পর আবু সুফিয়ান (২৬) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আবু সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন। জানা যায়, গত বুধবার সকালে বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে যান সুফিয়ান। বিকেলে জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামলে স্রোতের টানে তিনি নিখোঁজ হন। বাকিরা তীরে উঠলেও সুফিয়ান পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও ডুবুরিরা উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করতে পারেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ১৬ (সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিখোঁজ সুফিয়ানের মরদেহ বলে শনাক্ত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে সুফিয়ানের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।