শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফে নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের বদরমোকামের “গরা” এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা ৭ জেলে জীবিত অবস্থায় কূলেতে ফিরতে সক্ষম হয়েছেন।
ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লারা হলেন— সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।
টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, ট্রলারটি টেকনাফ সদরের নতুন পল্লানপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেমের মালিকানাধীন। শুক্রবার সকালে কায়ুকখালীয়াপাড়া ঘাট থেকে সাতজন জেলেকে নিয়ে ট্রলারটি মাছ ধরতে সাগরে যায়। কয়েকদিন মাছ শিকার শেষে ফেরার পথে সোমবার দুপুরে নাফনদীর মোহনায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটযোগে ট্রলারটিকে ধাওয়া করে। এসময় মাঝি ট্রলারটি দ্রুত চালিয়ে “গরা” এলাকায় উঠিয়ে দেন। কিন্তু প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
আবুল কালাম আরও বলেন, “ট্রলারে থাকা কয়েক লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য মালামাল ভেসে গেছে। জেলেরা সাতরে কূলেতে আসতে সক্ষম হলেও ট্রলারটি বালুতে ঢুকে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ট্রলার মালিক মোহাম্মদ হাশেম জানান, তার ট্রলারটি ডুবে সমুদ্রে হারিয়ে গেছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির ধাওয়ায় মাছ ধরার ট্রলার ডুবির খবর আমরা পেয়েছি।