শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকা মানবিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক ও আইনজ্ঞ, বাংলাদেশ ডেভেলাপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান পুনরায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি মহান জুলাই গণঅভ্যুত্থান ’২৪-এ আত্মদানকারী বীর শহীদ এ কে এম শহীদুল ইসলামের কবর জিয়ারত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার বিকেলে নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদানী নগর গ্রামে শহীদ শহীদুল ইসলামের কবরস্থানে উপস্থিত হন অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং নান্দাইল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের নেতৃত্বে উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তিনি নিজে উপস্থিত থেকে কবরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সাথে একাত্মতা প্রকাশ করেন। শহীদ শহীদুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন।
এ সময় অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “শহীদ শহীদুল ইসলাম আমাদের নান্দাইলের গর্ব। দেশের ক্রান্তিলগ্নে তিনি যে সাহসিকতা দেখিয়েছেন, তা আগামী প্রজন্মের কাছে দেশপ্রেমের শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকবে। শহীদদের এই আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।” তিনি আরও যোগ করেন, শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকা তাঁর নৈতিক দায়িত্ব এবং তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অঙ্গীকারবদ্ধ। অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান সবসময়েই নান্দাইলের সামাজিক উন্নয়নে ও স্থানীয় সংকটে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শহীদুল ইসলামের কবরে তাঁর এই শ্রদ্ধা নিবেদন স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসী জানান, অ্যাডভোকেট চানের মতো ব্যক্তিত্বদের এমন মানবিক উদ্যোগ তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে।