
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে ও তাঁর মানবিক দূরদর্শিতায় ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি হতদরিদ্র গৃহহীন পরিবার পেয়েছে মাথা গোঁজার স্থায়ী ঠাঁই বা 'স্বপ্নবাড়ি'।
গত শুক্রবার নান্দাইলে আনুষ্ঠানিকভাবে এসব গৃহহীন পরিবারের মাঝে 'স্বপ্নবাড়ি'র চাবি হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য মনোরম ও পরিবেশবান্ধব এই আধাপাকা ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এসব মানুষ পাকা ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে জানায়, এতদিন ঝুপড়ি ঘরে কষ্টের দিন কাটালেও এখন থেকে তারা পাকা ঘরে নিরাপদে বসবাস করতে পারবেন।
'স্বপ্নবাড়ি' উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়রা মন্ত্রীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।