
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর অনুসরণ ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে ময়মনসিংহের নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ‘তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশন’। তরুণ যুব সমাজ, স্থানীয় শিক্ষক ও সংগঠনের উপদেষ্টাদের সম্মিলিত অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ থেকে চলমান এই আয়োজিত কর্মসূচির মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টি করা। আয়োজকদের মতে, গাছ লাগানো কেবল দুনিয়াবী উপকারিতাই নয়, বরং এটি একটি সদকায়ে জারিয়া; যা মানুষের দুনিয়া ও পরকালের মুক্তির উসিলা হতে পারে।
চলমান এই কার্যক্রমে এখন পর্যন্ত নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকার মোট ৭টি মাদরাসা ও ১টি বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। বিতরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: বারুইগ্রাম মাদরাসা (চৌরাস্তা), বাশহাটি উচ্চ বিদ্যালয়, উত্তর চন্ডীপাশা আবুল ইমাম হোসেন নূরানী ও হাফিজিয়া মাদরাসা, বাইতুর রাসুল (সা.) মাদরাসা (দক্ষিণ চন্ডীপাশা), বাহের বানাইল ইসলামীয়া দারুসসুন্নাহ নূরানীয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, নাদিয়াতুল কোরআন (নূরানী) হাফিজিয়া কওমী মাদরাসা, পূর্ব বাশহাটি মাদরাসায়ে দারুল জান্নাত এবং হযরত রোকিয়া (রা.) তা’লীমুল কুরআন মহিলা মাদরাসা (চন্ডীপাশা, নান্দাইল)।
এলাকার বিভিন্ন মাদরাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি সফল করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া কামনা করা হয়েছে।
“চলো মহৎ কর্ম করি, জীবনকে আলোকিত করি”—এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।