
মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ডেভেলপ দ্য ভিলেজ (ডিভি)।
দিবসটির প্রতিপাদ্য—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। তবে দিবসকেন্দ্রিক কর্মসূচির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বাস্তব প্রস্তুতি কতটা বাড়ছে? শুধু আনুষ্ঠানিকতা নয়, বছরজুড়ে প্রশিক্ষণ, সচেতনতা ও নিয়মিত মহড়া নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে বিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণের ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন। শিক্ষার্থীদের হাতে-কলমে শেখাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামানও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন। এতে শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হতো। তবে বাজেটের সীমাবদ্ধতার কারণে বর্তমানে স্বল্প পরিসরে আয়োজন করতে হচ্ছে।
উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত দুর্যোগবিষয়ক আলোচনা, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও ব্যবহারিক মহড়ার ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও উপকৃত হবেন। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠী ও কৃষকদেরও এসব কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি।
এ ছাড়া বিরামপুর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা, ভবন নির্মাণে নিরাপত্তাবিধি অনুসরণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, ডেভেলপ দ্য ভিলেজের নির্বাহী পরিচালক মোর্শেদ মানিকসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয়দের মতে,দিবসটির আনুষ্ঠানিকতা পেরিয়ে প্রশাসন, ফায়ার সার্ভিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে দুর্যোগবিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম ছড়িয়ে পড়বে সর্বস্তরে। কারণ দুর্যোগ মোকাবিলায় প্রকৃত সাফল্য শুধু মহড়ায় নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের প্রস্তুতি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই নিহিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন বলেন, দুর্যোগবিষয়ক সচেতনতা কোনো নির্দিষ্ট দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জীবন ও সম্পদের সুরক্ষায় সারা বছরই এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও ব্যবহারিক মহড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে পরিচালনা করা জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামপর্যায়ে এসব উদ্যোগ ছড়িয়ে দেওয়া গেলে সাধারণ মানুষ দুর্যোগ মোকাবিলায় আরও সচেতন ও প্রস্তুত হতে পারবেন।