
মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোণা)প্রতিনিধি :
শুভ বিজয়া উপলক্ষে কমরেড ডা. দিবালোক সিংহের আমন্ত্রণে মণিসিংহ স্মৃতি জাদুঘরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে অনুষ্ঠিত এই সভায় দলমত ও পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সুজন সভাপতি অজয় সাহা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা।
এ ছাড়া রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন। উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।