
মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে প্রায় দুই দশক ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে থাকা ঐতিহ্যবাহী একটি খাল পুনরুদ্ধার ও পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।দুর্গাপুর উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন'-এর সহায়তায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।অভিযান শুরুর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবী ও স্থানীয় নাগরিকদের একটি পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে। জমে থাকা দীর্ঘদিনের কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণের কাজ শুরু করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "পরিচ্ছন্নতা কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অংশ। ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিভিন্ন ছোঁয়াচে রোগ থেকে আমাদের শিশুদের রক্ষা করতে এবং আগামী প্রজন্মের সুস্থ জীবনের জন্য নাগরিক সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।" তিনি আরও বলেন, কেবল সরকারের একার পক্ষে দেশকে উন্নত বা পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এই সামাজিক আন্দোলনে এগিয়ে আসতে হবে।