
মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
চাকরির আশায় আর দূর-দূরান্তে ছুটতে হবে না। চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য এবার নিজ এলাকায় এক ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’। আগামী ২৭ অক্টোবর দিনাজপুরের ,বিরামপুর সরকারি কলেজ মাঠে wasদিনব্যাপী এ চাকরির মেলা অনুষ্ঠিত হবে।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশনায় এ উদ্যোগকে ঘিরে চাকরিপ্রত্যাশীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
আয়োজকদের প্রকাশিত প্রচারপত্র অনুযায়ী, মেলায় দেশের শীর্ষস্থানীয় ৫০টির অধিক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেবে। চাকরিপ্রার্থীরা এসব প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরির সুযোগ সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ, জীবনবৃত্তান্ত জমা, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দিকনির্দেশনা পাওয়ার সুযোগ থাকবে।
সাধারণত চাকরির সন্ধানে তরুণ-তরুণীদের বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিতে এবং সাক্ষাৎকারের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি অনেককে নানা ভোগান্তির মুখেও পড়তে হয়। এমন পরিস্থিতিতে বিরামপুরে এ চাকরির মেলার আয়োজন স্থানীয় চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার বেকার যুবক-যুবতী, নতুন স্নাতক এবং চাকরিতে প্রবেশে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য এ মেলা নিজেদের যোগ্যতা তুলে ধরার একটি উল্লেখযোগ্য সুযোগ হয়ে উঠতে পারে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়ানোর দিকনির্দেশনাও পাবেন তাঁরা।
চাকরির সুযোগকে তরুণ প্রজন্মের হাতের নাগালে পৌঁছে দেওয়ার প্রত্যাশায় ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’ দিনাজপুর-৬ আসনের চাকরি প্রত্যাশীদের জন্য নতুন সম্ভাবনার একটি মঞ্চ। তাই আগ্রহী চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও হালনাগাদ জীবনবৃত্তান্ত প্রস্তুত রেখে আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।