
কুড়িগ্রাম প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের নাম ঘোষণার আগে একাধিক ধাপে যাচাই-বাছাই করা হয়েছে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পরবর্তীতে প্রয়োজনীয় সমন্বয় করতে পারে বলেও জানানো হয়।
ঘোষিত তালিকায় কুড়িগ্রাম জেলার চারটি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চারজন বিশিষ্ট নেতা।
কুড়িগ্রাম-১ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা,
কুড়িগ্রাম-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,
কুড়িগ্রাম-৩ আসনে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভির-উল-ইসলাম এবং
কুড়িগ্রাম-৪ আসনে রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান মনোনীত হয়েছেন।
দলটি জানিয়েছে, সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনা শেষে প্রার্থীদের তালিকায় সামান্য পরিবর্তন আসতে পারে। তবে ঘোষিত ২৩৭ আসনের এই তালিকাকেই আগামী নির্বাচনের জন্য বিএনপির সম্ভাব্য একক প্রার্থী তালিকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।