
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
সঞ্জয় চন্দ্র দাস
কুমিল্লার তিতাস উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ৩৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পুরস্কার বিতরণের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস।
সোমবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে মোট ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে পুরষ্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ থেকে আগত প্রায় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। আমরা আশা করি এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।