
মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ নির্দেশনায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া বাজারের সরকারি পুকুরটিতে মাছ চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় বাজারের সরকারি পুকুরটি পূর্বের ইজারাদারের কাছ থেকে মুক্ত করে গাঁওকান্দিয়া বাজার মসজিদের ব্যবস্থাপনায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে মসজিদের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি ব্যক্তিগত ও সরকারিভাবেও আর্থিক অনুদান প্রদান করেন।
পুকুরটির দায়িত্ব পাওয়ার পর গাঁওকান্দিয়া বাজার মসজিদের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, বাজার কমিটির সদস্য শফিকুল ইসলাম এবং মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে সেখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করা হয়। এক বছরের ব্যবধানে সেই পুকুরের মাছ বিক্রি করে মসজিদ তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হয়েছে।
মসজিদ ও বাজার কমিটি সূত্রে জানা গেছে, মাছ চাষ থেকে অর্জিত এই লভ্যাংশ মসজিদের অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যবহার করা হচ্ছে । ডেপুটি স্পিকারের এমন জনকল্যাণমূলক ও ধর্মীয় উদ্যোগে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা ও সন্তোষ দেখা গেছে।
মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা মহান আল্লাহর দরবারে এই মহৎ উদ্যোগ ও সহযোগিতা কবুল হওয়ার পাশাপাশি গাঁওকান্দিয়া বাজার মসজিদের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।