
আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের তরুণ ও উদ্যমী সাংবাদিক মো. সিফাত রানা অর্জন করেছেন ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড। ডিজিটাল সাংবাদিকতায় তার অবদান, সঠিক তথ্য উপস্থাপন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে।
রাজধানী ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের গণমাধ্যমকর্মীদের মধ্যে থেকে সেরা ডিজিটাল সাংবাদিক হিসেবে এই সম্মাননা গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি।
সিফাত রানা বর্তমানে বার্তা২৪.কম-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, মানবিক গল্প, কৃষি, সীমান্ত ও তরুণ উদ্যোক্তা বিষয়ক প্রতিবেদন করে আলোচনায় এসেছেন।
সংবাদের প্রতি নিষ্ঠা, আধুনিক ডিজিটাল মাধ্যম ব্যবহারে দক্ষতা এবং পাঠকবান্ধব উপস্থাপনার মাধ্যমে তিনি ইতোমধ্যে তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সিফাত রানা বলেন,“এই সম্মাননা শুধু আমার নয়—চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি পাঠক ও সংবাদকর্মীর। সত্য ও ইতিবাচক সাংবাদিকতার পথেই আমি এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, জিটিভির হেড অব মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় সাংবাদিক মহলে তার এই অর্জনকে “চাঁপাইনবাবগঞ্জের গর্ব” বলে অভিহিত করা হয়েছে।