
শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে গোপন অভিযানে বিজিবি ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদে জানা যায় টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে ৬০০ গজ দক্ষিণে নাট্যংপাড়া সংলগ্ন বরফ কল এলাকার দিকে কয়েকজন পাচারকারী স্থানীয় মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা হস্তান্তর করতে অবস্থান করছে।
খবর পাওয়ার পর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসির নির্দেশে বিজিবির একাধিক টহল দল ও K-9 ইউনিট এলাকা ঘেরাও করে অভিযান শুরু করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক কারবারিরা পালিয়ে যায়।
অভিযান চলাকালে প্রশিক্ষিত মাদক অনুসন্ধানী কুকুর “চেরী”-এর সহায়তায় বসতভিটা ও ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে ছোট ছোট প্যাকেটে মোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, পলাতক পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত মাদক আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বলেন পাহাড় থেকে সাগর পর্যন্ত টেকনাফ সীমান্তে অপরাধীদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। মানবতা বিরোধী এ অপরাধ দমন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।