শাহিন আলম টেকনাফ //
টেকনাফ সীমান্তে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় হিন্দু পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৭৩টি অসহায় পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়। এছাড়া সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সাবরাং এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ এসএমসি কর্তৃক আয়োজিত ক্যাম্পে ২২০ জন (পুরুষ ৮৪, মহিলা ১১২ ও শিশু ২৪) দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
স্থানীয়রা বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সীমান্ত অঞ্চলের মানুষের কল্যাণে বিজিবি’র মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি সবসময় আন্তরিকভাবে কাজ করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।