
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ঝরণা চত্বরে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আলী হোসেন প্রকাশ ‘শুগুলা’ (৪৩)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন প্রকাশ শুগুলাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শুগুলা টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।