
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক কুখ্যাত আসামি মোহাম্মদ মুছা (৩৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ জানায়, মাদকের অপব্যবহার, চোরাচালান ও পরোয়ানাভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২২ জুলাই রাত ৮টা ১০ মিনিটে র্যাব-১৫, সিপিসি-২-এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার কানজরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ মুছা হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।