টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া এলাকায় একটি দোতলা বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মনছুর আলম (৪২), তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার বাসিন্দা।
অভিযানে তার হেফাজত থেকে ১টি বিদেশি তৈরি পিস্তল, ১টি খালি ম্যাগাজিন এবং ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের হেফাজতে রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।