শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফে বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিও জব্দ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক আড়াইটার দিকে দমদমিয়া চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। বিজিবির K-9 ইউনিটের প্রশিক্ষিত কুকুর ‘মেঘলা’ ইয়াবাগুলো শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজিবি জানায়, কুতুপালং থেকে টেকনাফগামী সিএনজিটিকে সন্দেহভাজনভাবে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় পিছনের সিটে থাকা এক যাত্রীর বস্তায় কুকুরটি বারবার সংকেত দিলে তা খুলে দেখা হয়। বস্তার ভেতরে রাজমিস্ত্রীর কাজের সরঞ্জামের নিচে বিশেষভাবে মোড়কজাত ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় সিএনজির যাত্রী মোহাম্মদ রফিক (২৯) এবং চালক আবুল কাশেম (২৬) কে আটক করা হয়।
আটক রফিকের বাড়ি কক্সবাজারের উখিয়ার জামতলি এফডিএমএন ক্যাম্পে এবং কাশেমের বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলায়।
বিজিবি জানায়, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবা ও সিএনজি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন কোনো অপতৎপরতাই বিজিবির চোখ এড়াতে পারবে না। দেশকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।