শাহিন আলম টেকনাফ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নৌবাহিনীর একাধিক অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার ভোর রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কন্টিনজেন্ট বিশেষ অভিযান চালিয়ে মাদককারবারি জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে জুনায়েদ ওরফে মুন্নার বাড়ি ও একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকিটকি, ৮টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল বলে জানায় আটককৃতরা।
এদিকে পৃথক অভিযানে বরগুনার বামনা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সালমা পারভীনকে আটক করা হয়। এ সময় ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, একটি মোবাইল ফোন ও নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। এছাড়া ভোলার দৌলতখান এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ১০টি ককটেল ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাচন সামনে রেখে উপকূলীয় ও দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।