সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত সমন্বিত যৌথ অভিযানে এক দুর্ধর্ষ অপহরণকারী ও একাধিক হত্যা মামলার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত কক্সবাজার জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ কোস্ট গার্ড, বিজিবি, আনসার, র্যাব, সংশ্লিষ্ট ক্যাম্পের সিআইসি অফিস এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২৩০ জন কর্মকর্তা ও সদস্য এ অভিযানে অংশ নেন।
যৌথ বাহিনী জানায়, ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, অপহরণকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকের মাঠসংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য ও দুর্ধর্ষ অপহরণকারী জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে অপহরণ, অপহরণপূর্বক হত্যা এবং চাঁদাবাজিসহ মোট পাঁচটি নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়ার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জুয়ার অভিযোগে আটক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং নয়জনকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।