
বেবি চক্রবর্ত্তী :- সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গাছ কাটা প্রসঙ্গে জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পের জট কাটলো।মেট্রো সম্প্রসারণে ৯৪৩ টি গাছ কাটার পরিকল্পনা ছিল। এই বিষয় নির্দেশ দিল বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ। বুধবার আদালত সাফ জানিয়েছে "কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের অনুমোদন ছাড়া কলকাতা মেট্রো রেলের কাজের জন্য নতুন করে গাছ কাটা যাবে না"। যদিও মেট্রো সম্প্রসারণে ছাড়পত্র দিয়েছে আদালত।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি রায়কে চ্যালেঞ্জ করে গত ২০ শে জুন প্রবীন আইনজীবী জয়দীপ গুপ্ত মামলা করেছিলেন। সেই রায়ে বুধবার স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। প্রবীণ এই আইনজীবী শুনানিতে দাবি করেন ১০ কিলোমিটার মেট্রো সম্প্রসারণের জন্য ৯৪৩ টি গাছ কাটার পরিকল্পনা করা হয়েছে। জয়দীপ বাবু জালান কোন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিপুল সংখ্যক গাছ কাটা হচ্ছে। এই বিষয় বিবেচনা করতে ব্যর্থ হয়েছে হাইকোর্ট। সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান কোন গাছ পুরোপুরি কেটে ফেলা হয়নি অন্যত্র প্রতিস্থাপনের জন্য উপড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে ৯৪ টি গাছ অন্য জায়গায় লাগানো হয়েছে।
মেট্রো রেলের কাজের জন্য ময়দান এলাকায় গাছ কাটা যাবে না বলে গত ১৩ ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। তখন বিচারপতি বি আর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দেন মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ময়দান হল শহরের ফুসফুস। সেখানে এত গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হবে। মমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজের জন্য ওই এলাকায় ৭০০টি গাছ কাটা পড়তে পারে। এই আশঙ্কায় পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা নামে একটি সংগঠন ২০২৩ সালে হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছিল।