
বেবি চক্রবর্ত্তী: - ১২ নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি যোগাযোগের মাধ্যম। কিন্তু সেই রাস্তা সম্প্রসারনে আবার বাধা আমডাঙ্গায়। এদিন আমডাঙা এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণে বাধার মুখে পড়তে হল জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। সম্প্রসারণের কাজে ব্যবহার করা জেসিবির কাজ আটকে তা তুলে দেওয়ারও অভিযোগ উঠল জমিহারাদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ আসলেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় দুপক্ষকেই। জমিদাতাদের সঙ্গে চলে পুলিশের বচসা। ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত জমিতে কাজ করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশের পর জেলাশাসকের তরফ থেকে ন্যায্য ক্ষতিপূরণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ না করেই, কাজ চালানোর বিরুদ্ধেই এদিন সরব হন জাতীয় সড়ক পার্শ্ববর্তী জমি-হারা মানুষজন।
এদিন কাজ বন্ধ করে দেওয়া হলেও, পরবর্তীতে যদি ফের কাজ শুরু হয় তবে তারা আবারও কাজ আটকাবেন বলেও জানানো হয়। এখন আদালতের নির্দেশ বুঝে নিয়ে নিজেদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থ পেলে তবেই সম্ভব জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বলেই মনে করা হচ্ছে। গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।