
মোঃ আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি
পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় ও জাকস ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাজারে আসলো স্থানীয়ভাবে উৎপাদিত সস। জয়পুরহাটে স্থানীয়ভাবে উৎপাদিত ‘কিং টমেটো সস’-এর আনুষ্ঠানিক বাজারজাতকরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জাকস ফাউন্ডেশনের প্রধান শাখায় পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত Rural Microenterprise Transformation Project (RMTP)-এর আওতায় এ উদ্যোগের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর প্রজেক্ট সমন্বয়ক হাবিবুর রহমান, জাকস-এর নির্বাহী পরিচালক নূরুল আমিন, উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম, প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মেহেদুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার জহুর আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জয়পুরহাটের পাঁচবিবিতে উৎপাদিত ‘কিং টমেটো সস’ গত বছর জুলাই মাস থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করে এবং বর্তমানে জয়পুরহাট, বগুড়া, দিনাজপুরসহ চারটি জেলায় বাজারজাত করা হচ্ছে। প্রতি মাসে ২ হাজার কেজি করে সস উৎপাদন হচ্ছে।
গ্রামীণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে টমেটোর সঠিক ব্যবহার নিশ্চিত করা, সুলভ মূল্যে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া এবং কৃষকদের ন্যায্য মূল্য প্রদান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভবিষ্যতে উৎপাদন বাড়িয়ে দেশের অন্যান্য জেলায় বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।