
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ
ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতা ও সমস্যার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন রফিকুল ইসলাম মন্ডল। জীবনের সেই অভিজ্ঞতা থেকেই নিজের এলাকার মানুষের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলোকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। তাই বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহ তৈরি হয় তার। সেই প্রত্যয় থেকেই দীর্ঘদিন ধরে নিজ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন রফিকুল ইসলাম মন্ডল। নিজের অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার, অসহায়-দরিদ্র মানুষের সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।
রফিকুল ইসলাম মন্ডলের ভাষ্য, নিজের এলাকার মানুষের সমস্যা দূর করা এবং একটি সুন্দর, উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য। এলাকার মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় নিয়ে এবার তিনি ৪নং রূপবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সাধারণ মানুষের দুর্ভোগ কমানো এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে ইতোমধ্যে এলাকার অনেকেই স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের কেউ কেউ তাকে সাধুবাদ জানিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহও দিচ্ছেন। স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে রফিকুল ইসলাম মন্ডল তার পূর্বের সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে ৪নং রূপবাটি ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।