
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আগামী ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জাবেদ কোরেশী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জগদীশপুর পশ্চিম পাড়া ও নোয়াপাড়া গ্রামে সর্বস্তরের জনসাধারণের সাথে এক নিবিড় গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গণসংযোগকালে জগদীশপুর পশ্চিম পাড়া ও নোয়াপাড়া গ্রামে পৌঁছালে স্থানীয় মুরুব্বিয়ান, তরুণ সমাজ ও সাধারণ ভোটাররা জাবেদ কোরেশীকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ কলকলিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গনসংযোগকালে জাবেদ কোরেশী বলেন, "আমি পদের মোহে বা ক্ষমতার চেয়ারে বসতে প্রার্থী হইনি। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখ-দুঃখের চিরসাথী হয়ে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়াই আমার মূল শক্তি। আপনারা যদি আমাকে মূল্যবান ভোট দিয়ে সুযোগ দেন, তবে কলকলিয়া ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা করব এবং সরকারি সব অনুদান দালালমুক্তভাবে প্রকৃত গরিবদের ঘরে ঘরে পৌঁছে দেব।"
হিজলা ও নাদামপুর গ্রামের ভোটাররা জানান, একজন শিক্ষিত, মার্জিত ও সমাজ সচেতন ব্যক্তিত্বকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। ইউনিয়নের সার্বিক ও টেকসই উন্নয়নের স্বার্থে তারা এবার যোগ্য ও সৎ প্রার্থীকেই বেছে নেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে কলকলিয়া ইউনিয়নের ৩ নং ও ২ নং ওয়ার্ডের থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।