
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শ্রীধরপাশা গ্রামের রাজু মার্কেট থেকে ডাউকা নদীর পাড় রাস্তার সংস্কার ও পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকালে রাস্তার কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান।
জানা গেছে, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের বিশেষ বরাদ্দ থেকে সড়কটি সংস্কার ও পাকাকরণ করা হচ্ছে। শ্রীধরপাশা গ্রামের রাজু মার্কেট থেকে ডাউকা নদীর পাড় রাস্তার প্রকল্পটি বাস্তবায়িত হলে শ্রীধরপাশা গ্রামের পাঁচ শতাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগও কমে আসবে।
এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান বলেন, এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। স্থানীয় মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বিশেষ বরাদ্দ দিয়েছেন। এতে এলাকার শত শত মানুষ উপকৃত হবেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য কয়ছর আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে ইউনিয়নের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানাচ্ছি।
এসময় কলকলিয়া ইউনিয়ন বিএনপি'র আহবায়ক আনিছুর রহমান তুথি ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সহ ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।