
মো: সালাউদ্দীন-দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে প্রায় ৩ কিলোমিটার পাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে ফুলবাড়ী হাট–চিলাহাটি ইউপি হেড কোয়ার্টার ভায়া ভুজারীপাড়া সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
জানা যায়, সড়কটির চেইনেজ ০+০০০ মিটার থেকে ২+৯৫৫ মিটার পর্যন্ত, যার মোট দৈর্ঘ্য প্রায় ২.৯৫৫ কিলোমিটার। প্রকল্পটির জন্য প্রায় ৩ কোটি ৪৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা ও জরাজীর্ণ থাকায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, তিনি তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের অনিয়ম সহ্য করবেন না। তিনি সৎ ও যোগ্য নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমি ভালো মানুষ খুঁজছি, যারা সবাইকে নিয়ে কাজ করবে এবং দলের স্বার্থকে প্রাধান্য দেবে।”
তিনি আরও বলেন, যাদের নেতৃত্বে পূর্বে ইউনিয়নে পরাজয় হয়েছে, তাদের পুনরায় নেতৃত্বে আসার সুযোগ নেই এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সড়কটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পঞ্চগড়।
স্থানীয়দের মতে, সড়কটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।