
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্রাট ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার পূর্ব হুজুরপাড়া গ্রামের তানজুর আলীর আমবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সম্রাট ইসলাম উপজেলার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানাই, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই রাকিবসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব হুজুরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আমবাগানে অবস্থানরত সম্রাট ইসলামকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চারঘাট মডেল থানার (ওসি) মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।