
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর চারঘাটে মাছের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে জয় (১৮) নামে এক যুবককে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুংলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে জয়কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জয় চারঘাট উপজেলার মুংলী গ্রামের আ. সালামের ছেলে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের উপস্থিতিতে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।
এ সময় নৌ-পুলিশের সদস্য, উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভয়াশ্রমে মাছের অবাধ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।