
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে প্রায় ১৩ হাজার সন্দেহজনক ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানা গিয়েছে এসব পোশাক পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (২৭) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম উদ্ধার করে। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বায়েজিদ বোস্তামী থানার একজন উপ-পরিদর্শক বাদী হয়ে মামলাটি করবেন।
পুলিশের সূত্র আরো জানিয়েছে: এসব পোশাক পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম হিসেবে তৈরি করা হয়েছিল। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। নগর পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশ করতে চাননি।
গত ১৭ মে একই এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ-এর জন্য এসব পোশাক তৈরি হচ্ছিল।
এ ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজন হলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা রাঙামাটির কাপ্তাইয়ের বাসিন্দা মংহলাসিন মারমার কাছ থেকে ফরমাশ এনেছিলেন।