
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ঘোষপালা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাছান মো: এনামুল হক ‘দৈনিক নিউজ টাইমস’ পত্রিকায় গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত একটি সংবাদ নিয়ে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি প্রতিবাদে পত্রিকা অফিসে একটি প্রতিবাদলিপিও পাঠিয়েছেন। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন যে, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে উক্ত পত্রিকায় “নান্দাইলে মাদ্রাসার দুর্নীতি তদন্ত: প্রশ্নবিদ্ধ তদন্ত কমিটি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং প্রতিষ্ঠানের নাম জড়িয়ে ‘রূদ্ধদ্বার বৈঠক ও আপ্যায়ন’ সংক্রান্ত যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
প্রতিবাদকারী অধ্যক্ষ আবুল হাছান মো: এনামুল হক স্পষ্ট করে জানান যে, ওই দিন প্রকৃতপক্ষে কোনো রূদ্ধদ্বার বৈঠক বা আপ্যায়নের ঘটনা ঘটেনি। সেদিন আচরগাঁও ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যূৎসাহী সদস্য ও সম্মানিত অভিভাবক সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী গঠিত তদন্ত কমিটি আচরগাঁও ফাজিল মাদ্রাসা পরিদর্শনে আসে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয় উক্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ারভুক্ত নিয়ম মেনেই তারা যেকোনো প্রতিষ্ঠানে পরিদর্শন করে থাকেন। তদন্তকারী দল যখন ঘোষপালা ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন, তখন মাদ্রাসার নিয়মিত শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান ছিল এবং সকল শিক্ষক-কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়া প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীন হওয়ায় সেখানে কোনো ধরনের গোপন বা রূদ্ধদ্বার বৈঠক বা অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। একটি কুচক্রী মহলের ইন্ধনে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
অধ্যক্ষ মহোদয় এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের পূর্বে সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি, জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে পত্রিকার প্রথম পাতায় এই প্রতিবাদলিপি প্রকাশের অনুরোধ জানিয়েছেন তিনি।