
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
সিলেটের গোয়াইনঘাট থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলার প্রধান আসামি আজমল হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে নৌকা শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নৌক শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি আলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য ও ব্যবসায়ী কামাল উদ্দিন। বক্তব্য দেন শ্রমিকনেতা কালু মিয়া, জিয়া উদ্দিন, রফিক মিয়া ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আজমল হোসেন নদীপথে নৌযান আটকিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি গোয়াইন নদীতে দুই শতাধিক বালুবাহী নৌকা আটকে রাখার ঘটনায় গত ৭ জুলাই গোয়াইনঘাট থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নং-১৩) তাকে প্রধান আসামি করা হয়।
বক্তারা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ভুয়া সমন্বয়ক আজমল গ্রেফতার না হলে পুরো গোয়াইনঘাট অচল করে দেওয়া হবে।