
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ বিকাল ৩টায় জার্সি উন্মোচনের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এগ্রিকালচার ও ফিসারিজ অনুষদ।
খেলা শুরুর আগে বিশ্ববিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. নাজমুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডা. নাজমুল আহসান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও শারীরিক কসরতের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বসুলভ গুণাবলী ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমকেও আমরা সমান প্রাধান্য দিচ্ছি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডা. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী হল প্রভোস্ট হাফিজুর রহমান এবং জহুরুল স্যার। বক্তারা খেলায় হার-জিতের চেয়ে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেফারির বাঁশিতে শুরু হয় এগ্রিকালচার বনাম ফিসারিস অনুষদের মধ্যকার মাঠের লড়াই। দুই দলের খেলোয়াড়দের টানটান উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠের চারপাশ জুড়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।